উপবৃত্তি পেতে অভিভাবকের এনআইডি ভ্যালিডেশন বাধ্যতামূলক
- আপডেট সময় : ০৫:০৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / 2

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি ও সমমানের উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং হিসাব অভিভাবকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দ্বারা ভ্যালিডেশন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার ট্রাস্টের স্কিম পরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ আসাদুল হক স্বাক্ষরিত এক পত্রে দেশের সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এ নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়।
পত্রে জানানো হয়, এইচএসপি-এমআইএস সফটওয়্যারে নিবন্ধিত যেসব শিক্ষার্থীর মোবাইল ব্যাংকিং হিসাব এখনো অভিভাবকের এনআইডি দিয়ে ভ্যালিডেশন হয়নি, তাদের জন্য তথ্য সংশোধনের সুযোগ রাখা হয়েছে। ১৭ জুন থেকে ২০ জুন ২০২৬ পর্যন্ত ‘মোবাইল ব্যাংক তথ্য আপডেট’ অপশন উন্মুক্ত থাকবে।
নির্ধারিত সময়ের মধ্যে ভ্যালিডেশন সম্পন্ন না হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর উপবৃত্তি বিতরণ কার্যক্রম স্থগিত থাকবে বলে সতর্ক করা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, উপবৃত্তি সঠিকভাবে বিতরণ, জালিয়াতি প্রতিরোধ এবং স্বচ্ছতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। উপবৃত্তির অর্থ সরাসরি অভিভাবকের নিয়ন্ত্রিত মোবাইল ব্যাংকিং হিসাবে পৌঁছাতে এই ভ্যালিডেশন বাধ্যতামূলক।
ভ্যালিডেশন প্রক্রিয়ায় বলা হয়েছে, এইচএসপি-এমআইএস ওয়েবসাইটে লগইন করে ড্যাশবোর্ড থেকে ‘বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী’ অপশনে গিয়ে ‘মোবাইল ব্যাংক তথ্য আপডেট’ মেনুতে প্রবেশ করতে হবে। এরপর নির্ধারিত তথ্য সম্পাদনা করে বিকাশ, নগদ, রকেট, উপায় বা এমক্যাশের যেকোনো একটি মোবাইল ব্যাংকিং সেবা নির্বাচন করে তথ্য সংরক্ষণ করতে হবে।
ট্রাস্ট আরও জানিয়েছে, অভিভাবকের এনআইডি দিয়ে নিবন্ধিত সিম এবং একই এনআইডি ব্যবহার করে খোলা মোবাইল ব্যাংকিং হিসাব না থাকলে ভ্যালিডেশন সম্পন্ন হবে না।
কর্মকর্তারা মনে করছেন, এ উদ্যোগের ফলে উপবৃত্তি ব্যবস্থাপনা আরও স্বচ্ছ, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক হবে।

























