শিক্ষক সংকটে শিক্ষা ব্যবস্থা, নিয়োগ আটকে মামলার জটিলতায়: শিক্ষামন্ত্রী মিলন
- আপডেট সময় : ০৯:০০:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / 12

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষা খাতে শিক্ষক সংকট নিরসনে সরকার কাজ করলেও বিভিন্ন মামলা জটিলতার কারণে হাজার হাজার শিক্ষক নিয়োগ আটকে আছে।
বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সংকট নিয়ে বক্তব্য দিলে তার জবাবে ৩০০ বিধিতে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, “৩২ হাজার ৫০৯ নয়, এর বাইরে আরও ২৬ হাজার এবং আরও ১৭ হাজার শিক্ষক নিয়োগ বিভিন্ন মামলা জটিলতার কারণে সম্পন্ন করা যাচ্ছে না। মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার প্রথম সপ্তাহ থেকেই আদালতে এসব জটিলতা নিরসনের চেষ্টা করছি। কিন্তু এখন পর্যন্ত আপিল বিভাগে মামলাগুলো কজলিস্টে আসছে না।”
তিনি বলেন, শুধু শিক্ষক নিয়োগই নয়, এনটিআরসিএর মাধ্যমে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ, কলেজের অধ্যক্ষ নিয়োগ এবং প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নাইটগার্ড নিয়োগও আদালতের মামলার কারণে ঝুলে রয়েছে।
মন্ত্রী আরও বলেন, “মামলার পরিসংখ্যান দেখলে হাজার হাজার মামলা দেখা যায়। সারা দেশে আরও প্রায় ৩৩ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য হয়ে গেছে। অনেক শিক্ষক প্রধান শিক্ষক হওয়ার আগেই অবসরে চলে যাচ্ছেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করলেও মামলা জটিলতার কারণে সমস্যাগুলোর সমাধান করা যাচ্ছে না।”
প্রাথমিক বিদ্যালয়ের প্রশাসনিক বদলি প্রসঙ্গে তিনি জানান, বদলির ক্ষমতা উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিকেন্দ্রীকরণ করা হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষা সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষা খাতের চলমান সমস্যাগুলো সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।”


























