হাসপাতাল বন্ধ, মেডিকেল কলেজ নয়: শিক্ষার্থীরা অন্য হাসপাতালে প্র্যাকটিস করতে পারবে—স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৪:৩৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
- / 4

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও সংশ্লিষ্ট মেডিকেল কলেজ বন্ধ করা হয়নি। শিক্ষার্থীদের ক্লিনিক্যাল প্রশিক্ষণ ও প্র্যাকটিসের জন্য অন্য হাসপাতালে ব্যবস্থা করা হবে।
সোমবার (১৫ জুন) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা হাসপাতাল বন্ধ করেছি, কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি। শিক্ষার্থীরা অন্য হাসপাতালে প্র্যাকটিস করতে পারবে। তাদের আরও হাসপাতাল রয়েছে, সেখানে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে। অমানবিক স্বাস্থ্যসেবার কারণেই সরকার এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অনিয়ম বা অবহেলা করা হলে সংশ্লিষ্টদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।
হাম পরিস্থিতি নিয়ে মন্ত্রী জানান, দেশের হাম টিকাদান কর্মসূচি শতভাগেরও বেশি লক্ষ্য অর্জন করেছে। ঈদের আগ থেকে ব্যাপক প্রচারণা ও টিকাদান কার্যক্রম চালানো হয়েছে এবং এখনো তা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, হামে আক্রান্তের সংখ্যা ওঠানামা করলেও মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমেছে। গত সপ্তাহে হামে মৃত্যুর সংখ্যা শূন্য ছিল বলে উল্লেখ করেন তিনি। তবে বিচ্ছিন্নভাবে দু-একটি মৃত্যুর ঘটনা ঘটছে বলেও জানান মন্ত্রী।
তামাকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তামাক মানুষের শরীরের প্রায় সব অঙ্গের ক্ষতি করে এবং বিভিন্ন ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়ায়। তিনি তামাকবিরোধী আইন আরও কঠোর করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।
অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।























