এলএনজি সরবরাহ কমে যাওয়ায় তিতাসের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে
- আপডেট সময় : ০৪:১৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- / 2

এলএনজির একটি ভাসমান টার্মিনাল (এফএসআরইউ) জরুরি রক্ষণাবেক্ষণের কারণে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
শনিবার (১৩ জুন) এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এলএনজি সরবরাহকারী একটি এফএসআরইউতে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলমান থাকায় জাতীয় গ্রিডে এলএনজি থেকে প্রাপ্ত গ্যাসের সরবরাহ হ্রাস পেয়েছে। এর ফলে শনিবার মধ্যরাত পর্যন্ত তিতাস গ্যাস কোম্পানির অধিভুক্ত এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও অন্যান্য সব শ্রেণির গ্রাহক পর্যায়ে গ্যাসের চাপ কম থাকতে পারে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হলে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।
এদিকে গ্যাসের স্বল্পচাপের কারণে গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।























