শিক্ষা কারিকুলামে বড় পরিবর্তনের ঘোষণা, বইয়ের বাইরে নেতৃত্ব ও নৈতিকতায় জোর
- আপডেট সময় : ০২:৫৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / 152

দেশের শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে নেতৃত্ব, নৈতিকতা, নাগরিক দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতার মাধ্যমে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
বুধবার রাজধানীতে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন আয়োজিত ‘হলদে পাখি নীল কমল অ্যাওয়ার্ড-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, আগামী প্রজন্মকে দক্ষ, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাব্যবস্থায় ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুষ্টিকর মধ্যাহ্নভোজ চালুর উদ্যোগও বাস্তবায়ন করা হচ্ছে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারে।
ববি হাজ্জাজ আরও বলেন, নতুন কারিকুলামে একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তবজীবনভিত্তিক দক্ষতার ওপর গুরুত্ব দেওয়া হবে। শিক্ষার্থীরা শিখবে কীভাবে দায়িত্বশীল নাগরিক হতে হয়, পরিচ্ছন্নতা বজায় রাখতে হয় এবং সমাজের প্রতি দায়িত্ব পালন করতে হয়।
তিনি বলেন, শিশুদের শেখার প্রক্রিয়া আনন্দময় হওয়া প্রয়োজন। অতিরিক্ত বইয়ের চাপ না দিয়ে গল্প, সৃজনশীলতা ও আনন্দের মাধ্যমে শিক্ষা গ্রহণের পরিবেশ তৈরি করা হবে।
অনুষ্ঠানে সারা দেশ থেকে ৫৭ জন হলদে পাখি সদস্যকে নীল কমল অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।





















