দেশীয় সক্ষমতা দিয়েই সামুদ্রিক নিরাপত্তা জোরদারের আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার
- আপডেট সময় : ০৬:২২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / 150

দেশের সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাকে প্রধান শক্তি হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।
সোমবার বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ড পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা, নৌ-শক্তি ও সামুদ্রিক স্বার্থ সুরক্ষায় দেশীয় নৌ-শিল্পের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, জাহাজ নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষণ সক্ষমতা বৃদ্ধি করে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডকে একটি আধুনিক ও কার্যকর নৌ-শিল্প প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে।
পরিদর্শনকালে তাকে ডকইয়ার্ডের সার্বিক কার্যক্রম, জাহাজ নির্মাণ ও মেরামত সক্ষমতা, আধুনিক প্রযুক্তি ব্যবহার, অবকাঠামোগত উন্নয়ন এবং চলমান প্রকল্প সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। পরে তিনি বিভিন্ন ওয়ার্কশপ, উৎপাদন এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন।
প্রতিরক্ষা উপদেষ্টা প্রতিষ্ঠানটির প্রতিটি কাজে গুণগত মান, সময়নিষ্ঠতা ও পেশাদারিত্ব নিশ্চিত করার ওপর জোর দেন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও দক্ষ জনবল তৈরি করে প্রতিষ্ঠানের সক্ষমতা আরও বাড়াতে হবে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ ডকইয়ার্ড শুধু জাহাজ নির্মাণ ও মেরামতের কেন্দ্র নয়, এটি দেশের সামুদ্রিক সক্ষমতা ও আত্মনির্ভরশীলতার গুরুত্বপূর্ণ ভিত্তি। তাই সকল কার্যক্রম জাতীয় স্বার্থকে সামনে রেখে এগিয়ে নিতে হবে।
এ সময় তিনি কর্মকর্তা, প্রকৌশলী ও কর্মীদের পেশাদারিত্বের প্রশংসা করেন এবং দেশপ্রেম ও দায়িত্ববোধ নিয়ে কাজ করার আহ্বান জানান।





















