ভূমি উন্নয়ন কর সেবায় নতুন নির্দেশনা, ৪৮ ঘণ্টার মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশ
- আপডেট সময় : ০৩:২৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- / 58

ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম আরও গতিশীল ও সেবাবান্ধব করতে নতুন নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী, হোল্ডিং খোলার আবেদন যাচাই শেষে সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে নিষ্পত্তি করতে হবে।
সম্প্রতি দেশের সব সহকারী কমিশনারের কাছে পাঠানো এক চিঠিতে ভূমি মন্ত্রণালয় এসব নির্দেশনা দেয়।
নির্দেশনায় বলা হয়েছে, ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য হোল্ডিং খোলার আবেদন যাচাই-বাছাই শেষে দ্রুত সময়ের মধ্যে তা নিষ্পন্ন করতে হবে। কোনো আবেদন অনুমোদনের উপযুক্ত না হলে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে তা বাতিল করতে হবে, যাতে আবেদনকারী বিষয়টি স্পষ্টভাবে জানতে পারেন।
এছাড়া ভূমি উন্নয়ন করের পরিমাণ, বকেয়া বছরের হিসাব কিংবা জমির ব্যবহারভিত্তিক শ্রেণি নিয়ে কোনো আপত্তি দায়ের হলে সহকারী কমিশনারকে সাত দিনের মধ্যে সিদ্ধান্ত দিতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।
ভূমি মন্ত্রণালয় মনে করছে, এসব পদক্ষেপের মাধ্যমে ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম আরও স্বচ্ছ ও কার্যকর হবে এবং সাধারণ মানুষ দ্রুত সেবা পাবেন।





















