প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় সরকার: মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৫:৩৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / 85

বর্তমান সরকার প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৬ মে) সকালে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিকস রিসার্চ (আইএসটিআর) আয়োজিত ‘সিওএমপিএএসএস ডায়ালগ, চ্যাপ্টার-১: দ্য ওয়েস্টার্ন ক্যালিব্রেশন’ শীর্ষক এই সংলাপে বিভিন্ন দেশ ও দাতা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
মন্ত্রী বলেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার কাজ করছে। গ্যাস উত্তোলন বাড়াতে আগামী তিন মাসের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু করা হবে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, বিনিয়োগের পথে প্রধান বাধা সরকারি সংস্থাগুলোর ধীরগতি। এ সমস্যা কাটিয়ে দেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার কাজ করছে। তার মতে, বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের জন্য সম্ভাবনাময় একটি গন্তব্য।
অবকাঠামো উন্নয়ন, জ্বালানি খাতের অগ্রগতি এবং নীতিগত সংস্কারের মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য আস্থার পরিবেশ তৈরি করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। বিদেশি বিনিয়োগকারীদের স্বাগত জানিয়ে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গেও বক্তব্য দেন মির্জা ফখরুল। তিনি বলেন, এ সংকট সমাধানে সরকার পরিকল্পনা নিয়ে কাজ করছে।
তিনি আরও দাবি করেন, রাজনৈতিক পরিস্থিতি আগের তুলনায় এখন অনেক বেশি ইতিবাচক, যা উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়ক হবে।
অনুষ্ঠানে বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ, আঞ্চলিক সহযোগিতা এবং নতুন বিনিয়োগ সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশ নেন।





















