ঢাকাসহ ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত
- আপডেট সময় : ০৬:৩১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / 137

আজ রাতে ঢাকাসহ দেশের ১১টি অঞ্চলে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া এ তথ্য জানান।
আবহাওয়া অফিস জানায়, আজ দিবাগত রাত ১টার মধ্যে ঢাকা, খুলনা, ফরিদপুর ও মাদারীপুরসহ দেশের দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় আবহাওয়ার অবস্থা প্রতিকূল হতে পারে।
এছাড়া বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবল সম্ভাবনাও রয়েছে।
এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে চলাচল সতর্কতার সঙ্গে পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামীকাল সকাল ৯টার মধ্যে রংপুর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।





















