ছয় মাসে বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালে বসবে ৬০টি ডায়ালাইসিস মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৫:১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / 34

আগামী ছয় মাসের মধ্যে দেশের বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. মোহাম্মদ সাখাওয়াত হোসেন। একই সঙ্গে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ইউনিয়নভিত্তিক স্বাস্থ্যকেন্দ্র ও ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার স্থাপনের পরিকল্পনার কথাও তুলে ধরেছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘জাতীয় স্বাস্থ্য সুরক্ষা কর্তৃপক্ষ গঠন’ সম্পর্কিত গবেষণার ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট এ অনুষ্ঠানের আয়োজন করে।
স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে হেলথ ইনস্যুরেন্স ব্যবস্থা কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে হেলথ সেন্টার এবং তিনটি করে ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য ওয়েলবিং সেন্টার গড়ে তোলা হবে। আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে দরপত্র আহ্বান করে এক বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এসব কেন্দ্রে রক্তের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় স্ক্রিনিংয়ের সুবিধাও থাকবে বলে জানান তিনি।
সাখাওয়াত হোসেন আরও বলেন, দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসব পরিকল্পনা মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য উপযোগী হলেও একসঙ্গে সব কার্যক্রম বাস্তবায়ন করা কঠিন। এ কারণে নির্দিষ্ট কিছু বিষয়কে অগ্রাধিকার দিয়ে ধাপে ধাপে পাইলট স্কিমের আওতায় কার্যক্রম শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুক হকসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





















