সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেফতার
- আপডেট সময় : ০৫:৩২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / 52

রাজধানীর ইসিবি এলাকার নিউগিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিস স্টুডিওতে হামলার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে রাজধানীর রমনা থানার সেগুনবাগিচা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা মামলায় গোলাম মহিউদ্দিন চৌধুরীকে ৪ নম্বর আসামি করা হয়েছে। মামলাটিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রয়েছে।
গ্রেফতারকৃত মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীর বয়স ৬৬ বছর। তার বাবার নাম মো. আবুল ফয়েজ চৌধুরী এবং মায়ের নাম হাসমত আরা বেগম। তার স্থায়ী ঠিকানা ঢাকার খিলগাঁওয়ের মালিবাগ বাজার রোডের ২য় গলিতে। বর্তমানে তিনি মিরপুর ডিওএইচএস এলাকায় বসবাস করেন।
এর আগে একই মামলায় নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মিজানুর রহমান (৫৯) নামে আরও একজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তিনিও মামলার অন্যতম আসামি।





















