জাসদ কার্যালয়ে অভিযান, সন্দেহভাজন অর্ধশতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী আটক
- আপডেট সময় : ০৫:০৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / 60

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে সন্দেহভাজন আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) ও মুখপাত্র মো. আকতার হোসেন জানান, জাসদ কার্যালয়ে মিছিল ও স্লোগান দেওয়ার খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে বলেও তথ্য পাওয়া গেছে।
তিনি বলেন, পল্টন থানা পুলিশ ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে ৩০ থেকে ৪০ জন সন্দেহভাজন ব্যক্তিকে থানায় নিয়ে গেছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পরিচয় ও সংশ্লিষ্টতার তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, আটক ব্যক্তিদের বিষয়ে তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে জাসদ কার্যালয়কে ঘিরে পুলিশের অভিযান তখনও চলছিল।





















