জুলাইয়ের দুই যোদ্ধাসহ তিনজনকে অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৪:২৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / 3

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার কর্মসংস্থান ও জীবিকা নির্বাহের জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি বগুড়ার ৬৫ বছর বয়সী এক বাসিন্দাকে দেওয়া হয়েছে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা।
শনিবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এসব উপহার তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি উপকারভোগীদের শারীরিক অবস্থা, পরিবার ও জীবিকার বিষয়ে খোঁজখবর নেন।
সিএনজিচালিত অটোরিকশা পেয়েছেন নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা ও মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখ। পড়াশোনার পাশাপাশি সিএনজি চালিয়ে পরিবারের ভরণপোষণ করতেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে মিরপুর-১০ এলাকায় আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন আজিজ। তার শরীরে ৩৬টি গুলির স্প্লিন্টার বিদ্ধ হয়।
প্রধানমন্ত্রী তার সঙ্গে কথা বলার সময় পড়াশোনা চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন।
কুষ্টিয়ার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা মো. গফফার পেয়েছেন দুটি প্যাডেলচালিত রিকশা। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মহাখালী এলাকায় আন্দোলনকারীদের নিয়মিত পানি সরবরাহের পাশাপাশি নিজের রিকশায় আহতদের হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন তিনি। উপহার পাওয়া একটি রিকশা নিজে চালিয়ে জীবিকা নির্বাহ এবং অন্যটি ভাড়ায় দেওয়ার পরিকল্পনার কথা জানান গফফার।
এদিকে বগুড়ার গাবতলী উপজেলার ৬৫ বছর বয়সী আসাদুল হক বিশুকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। কর্মসংস্থানের অভাবে দীর্ঘদিন ধরে কষ্টে জীবনযাপন করছিলেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে উপহার পাওয়া যানবাহনগুলো কীভাবে পরিচালনা করা হবে, তা দেখেন। একই সঙ্গে নিরাপদে এসব যানবাহন নিয়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর বিষয়েও প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় বিএনপি দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।























