বিমান ভাড়া কমিয়ে ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন খরচ ৫ লাখ ৫ হাজার টাকা
- আপডেট সময় : ০৩:২২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / 15

আগামী ২০২৭ সালের হজ উপলক্ষে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় নতুন হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এবার প্রধানমন্ত্রীর উদ্যোগে হজ ফ্লাইটের বিমান ভাড়া কমিয়ে এক লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করায় হজযাত্রীদের ব্যয়ও আগের তুলনায় কমেছে।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেন।
ধর্মমন্ত্রী জানান, সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। সরকারি হজ প্যাকেজ-১-এর ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা, আর হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)-এর ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।
তিনি বলেন, সরকারের নির্বাচনি ইশতেহারে সাশ্রয়ী, সহজলভ্য, মানবিক ও প্রবাসীবান্ধব হজ ব্যবস্থাপনার অঙ্গীকার রয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে এবার হজ ফ্লাইটের বিমান ভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে এক লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
ধর্মমন্ত্রী আরও জানান, ২০২৩ সালে শেখ হাসিনা সরকারের সময়ে হজ ফ্লাইটের বিমান ভাড়া প্রায় দুই লাখ টাকা ছিল। পরে ২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের সময়ে তা কমিয়ে এক লাখ ৬৭ হাজার ৮২০ টাকা করা হয়। এবার সেই ভাড়া আরও কমিয়ে এক লাখ ৩০ হাজার টাকায় নামিয়ে আনা হয়েছে।
সরকারি হজ প্যাকেজ-১ অনুযায়ী, হজযাত্রীরা মক্কায় হারাম শরিফের বহিঃচত্বর থেকে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসন সুবিধা পাবেন। মিনায় জোন-২-এ তাঁবুর ব্যবস্থা থাকবে এবং মিনা-আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’-এর আওতায় খাবারসহ প্রয়োজনীয় সেবা প্রদান করা হবে। সৌদি আরবে অবস্থানের সম্ভাব্য সময় হবে ৩৫ থেকে ৪০ দিন। অতিরিক্ত অর্থ পরিশোধের মাধ্যমে রুম আপগ্রেড ও শর্ট প্যাকেজ সুবিধাও নেওয়া যাবে।
অন্যদিকে হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)-তে মক্কায় হারাম শরিফ থেকে দুই থেকে তিন কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে, মসজিদে নববী থেকে ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-৫-এ তাঁবুর ব্যবস্থা করা হবে এবং একইভাবে ‘সার্ভিস প্যাকেজ-৩’-এর আওতায় খাবার সরবরাহ করা হবে। হোটেল দুই কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের বিধান অনুযায়ী সালাওয়াত বাসের সুবিধাও দেওয়া হবে।
সরকারের আশা, বিমান ভাড়া হ্রাস এবং তুলনামূলক সাশ্রয়ী প্যাকেজের কারণে আগামী বছরের হজযাত্রা আরও সহজ ও ব্যয়-সাশ্রয়ী হবে।
























