বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রদলের
- আপডেট সময় : ০৪:০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / 16

দেশের বিভিন্ন জেলায় চলমান বন্যা পরিস্থিতির কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়গুলোর চলমান পরীক্ষাসমূহ সাময়িকভাবে স্থগিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানানো হয়েছে।
সোমবার (১৩ জুলাই) এক যৌথ বিবৃতিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, চলমান দুর্যোগে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগ বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি ও মানবিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
বিবৃতিতে বলা হয়, টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যার কারণে অন্তত সাতটি জেলার লাখো পরীক্ষার্থীর স্বাভাবিক প্রস্তুতি ব্যাহত হয়েছে। নিরাপত্তা ঝুঁকি, মানসিক চাপ এবং যাতায়াতের চরম দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রাখার আহ্বান জানানো হয়।
ছাত্রদলের দাবি, বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী বন্যাকবলিত এলাকায় ইতোমধ্যে ২ লাখ ৬৭ হাজার ৯১৮টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং প্রায় ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সংগঠনটির ভাষ্য, বন্যাদুর্গত অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বর্তমানে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি সড়ক যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টকর হয়ে উঠেছে। এতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ব্যাপক ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, বন্যার কারণে অনেক শিক্ষার্থীর বই, খাতা ও প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী নষ্ট হয়ে গেছে। এমন পরিস্থিতিতে পরীক্ষায় অংশ নিলে ক্ষতিগ্রস্ত এলাকার শিক্ষার্থীরা মানসিকভাবে পিছিয়ে পড়বে, যা তাদের ফলাফলেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ছাত্রদল মনে করে, বর্তমান সরকার ও শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের জীবন, নিরাপত্তা এবং ভবিষ্যতের বিষয়ে সংবেদনশীল থাকবে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রেখে পরবর্তীতে নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
একইসঙ্গে বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষ ও পরীক্ষার্থীদের পাশে দাঁড়াতে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নিতে ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।


























