এইচএসসি পরীক্ষা উপলক্ষে ডিএমপির ৫ নির্দেশনা, যানজট এড়াতে নগরবাসীর প্রতি বিশেষ আহ্বান
- আপডেট সময় : ০৪:১৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- / 11

আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। রাজধানী ঢাকার ৩০৯টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এবং নগরীর ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (২৯ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে নগরবাসী, অভিভাবক এবং যানবাহন চালকদের এসব নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।
ডিএমপির নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিতে হবে। যারা ব্যক্তিগত যানবাহনে আসবে, তারা কেন্দ্রের ঠিক সামনে না নেমে কিছুটা দূরের কম ব্যস্ত স্থানে নেমে হেঁটে কেন্দ্রে প্রবেশ করবে। পরীক্ষা শেষে একইভাবে কেন্দ্র থেকে কিছুটা দূরে গিয়ে যানবাহনে উঠতে বলা হয়েছে, যাতে যানজট সৃষ্টি না হয়।
এছাড়া কোনো অবস্থাতেই পরীক্ষা কেন্দ্রের আশপাশের সড়কে যানবাহন পার্কিং করা যাবে না। এ নির্দেশনা অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি।
গণবিজ্ঞপ্তিতে অভিভাবকদেরও পরীক্ষা কেন্দ্রসংলগ্ন সড়কে অবস্থান না করার অনুরোধ জানানো হয়েছে। এতে বলা হয়, সড়কে অবস্থান করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করলে তা সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে।
পরীক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষা শুরুর আগে সকাল ৭টা ৩০ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ যাত্রীদের পরীক্ষা কেন্দ্রসংলগ্ন সড়ক এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে ডিএমপি।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আগামী ২ জুলাই সকাল ১০টা থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং পরীক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
























