৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল জুলাইয়ের প্রথম সপ্তাহে, পদ বাড়ানো নিয়ে অনিশ্চয়তা
- আপডেট সময় : ০৫:৫৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / 49

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফল চলতি জুনে প্রকাশের কথা থাকলেও তা পিছিয়ে আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে প্রকাশিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম জানান, ৪৭তম বিসিএসের মৌখিক পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে ফলাফল প্রকাশের আগে চূড়ান্ত যাচাই-বাছাই ও নম্বর সংকলনের কারিগরি কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে জুলাইয়ের প্রথম সপ্তাহেই ফল প্রকাশ করা হবে।
এদিকে বিসিএস পরীক্ষার্থীরা ক্যাডার ও নন-ক্যাডার—উভয় ক্ষেত্রেই পদসংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন। বর্তমান বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিসিএসে ৩ হাজার ৪৮৭টি ক্যাডার এবং ২০১টি নন-ক্যাডার পদসহ মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়ার কথা রয়েছে।
চাকরিপ্রার্থীদের দাবি, আগের কয়েকটি বিসিএসের মতো এবারও ফল প্রকাশের আগে শূন্য পদ বাড়ানো হোক। পাশাপাশি ‘রিপিট ও লোয়ার ক্যাডার’ প্রথা বন্ধ এবং নন-ক্যাডার নিয়োগে পুনরায় পছন্দক্রম (রিচয়েস) দেওয়ারও দাবি জানিয়েছেন তারা।
তবে পিএসসি চেয়ারম্যান জানিয়েছেন, ক্যাডার পদ বাড়ানোর বিষয়ে এখন পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা চাহিদা আসেনি। তাই কমিশনের পক্ষে নিজ উদ্যোগে পদসংখ্যা বৃদ্ধি করা সম্ভব নয়।
অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ফলে ৪৭তম বিসিএসে পদসংখ্যা বাড়ানো হবে কি না, তা এখনো অনিশ্চিত রয়ে গেছে।
উল্লেখ্য, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় ৩ হাজার ৬৩১ জন উত্তীর্ণ হন। নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমাতে ৫০তম বিসিএস থেকে ‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ রোডম্যাপ বাস্তবায়নের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পিএসসি।
























