অবৈধ ওয়াকিটকি ব্যবহারকারীদের কড়া সতর্কবার্তা, জোরদার হচ্ছে অভিযান
- আপডেট সময় : ১২:১৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / 45

লাইসেন্স ছাড়া ওয়াকিটকি বা বেতার যোগাযোগ যন্ত্র ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। অবৈধ বেতার যন্ত্র ব্যবহারের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান চলমান রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৫ জুন) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানায়, ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় অবৈধ টেলিযোগাযোগ যন্ত্রপাতি এবং স্থাপনার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের সময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লাইসেন্সবিহীন ওয়াকিটকি জব্দ করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করা হচ্ছে।
বিটিআরসি স্মরণ করিয়ে দিয়েছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (সংশোধনী-২০২৬) অনুযায়ী যেকোনো ধরনের ওয়াকিটকি বা বেতার যোগাযোগ যন্ত্র ব্যবহার, সংরক্ষণ, আমদানি, বিপণন কিংবা পরিচালনার জন্য কমিশনের কাছ থেকে তরঙ্গ বরাদ্দ এবং প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক।
সংস্থাটি জানিয়েছে, অনুমোদন ছাড়া এ ধরনের যন্ত্র ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। ফলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান লাইসেন্স ছাড়া ওয়াকিটকি ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে ব্যবসা প্রতিষ্ঠান, নিরাপত্তা সেবা প্রদানকারী সংস্থা, হোটেল, রেস্তোরাঁ, শপিংমলসহ সব ব্যক্তি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বিটিআরসির অনুমোদন ও লাইসেন্স ছাড়া কোনো ধরনের বেতার যন্ত্র ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে।
বিটিআরসি আরও জানিয়েছে, অবৈধ ও লাইসেন্সবিহীন বেতার যোগাযোগ যন্ত্রের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইন অমান্যকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনস্বার্থে এবং দেশের বেতার যোগাযোগ ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে বিদ্যমান আইন ও বিধিবিধান মেনে চলার অনুরোধ জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।





















