মিরপুরের হত্যাচেষ্টা মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হলো মমতাজ বেগমকে
- আপডেট সময় : ০৫:২০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- / 31

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত পুলিশের আবেদনের পর এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক মমতাজ বেগমকে আদালতে হাজির করে তাকে মামলায় গ্রেফতার দেখানোর আবেদন জানান।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, মামলার ঘটনার সঙ্গে আসামির সংশ্লিষ্টতার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন হতে পারে এবং পরবর্তীতে রিমান্ড আবেদন করা হতে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বাদী ও ভুক্তভোগী মুক্তার হোসেন মিরপুরের সুইমিংপুল ও ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় আন্দোলনে অংশ নেন। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকদের হামলা এবং গুলিবর্ষণের অভিযোগ আনা হয়। এতে পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত হন মুক্তার হোসেন। পরে তিনি কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নেন।
ঘটনার পর মুক্তার হোসেন একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। সেই মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে মমতাজ বেগমকে গ্রেফতার দেখানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।





















