দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- আপডেট সময় : ০৩:২৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- / 26

দেশের স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী কয়েক বছরের মধ্যে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার।
রোববার পর্তুগালের লিসবন সফর শেষে দেশে ফিরে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
তিনি জানান, আগামী তিন থেকে চার বছরের মধ্যে পর্যায়ক্রমে এই জনবল নিয়োগ দেওয়া হবে। বিশেষ করে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, স্বাস্থ্যখাতের সক্ষমতা বাড়াতে এবং মাতৃসেবা উন্নত করতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে। তবে নিয়োগের আগে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের ব্যবস্থা করা হবে, যাতে মাঠপর্যায়ে মানসম্মত সেবা নিশ্চিত করা যায়।
তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য হলো দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে প্রাইমারি হেলথকেয়ার ইউনিট গড়ে তোলা। একই সঙ্গে শহরের প্রতিটি ওয়ার্ডেও এমন স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে।
এসব কেন্দ্রে স্বাভাবিক প্রসবের ব্যবস্থা থাকবে এবং প্রতিটি ইউনিটে অন্তত দুইজন প্রশিক্ষিত মিডওয়াইফ দায়িত্ব পালন করবেন। এর মাধ্যমে গর্ভবতী মায়েদের প্রাথমিক স্বাস্থ্যসেবা ও নিরাপদ প্রসব নিশ্চিত করা সহজ হবে বলে মনে করছে সরকার।
সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার পরিধি আরও বিস্তৃত হবে এবং মাতৃ ও শিশুমৃত্যুর হার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

























