দেশজুড়ে শিক্ষায় বড় পরিবর্তন: স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ৫ কোটি গাছ রোপণ কর্মসূচি
- আপডেট সময় : ০৫:৩৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / 7

দেশের নতুন প্রজন্মকে মুখস্থনির্ভর শিক্ষার বাইরে এনে দক্ষ, চিন্তাশীল ও পরিবেশ-সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে সরকার।
এই কর্মসূচির অংশ হিসেবে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি বিকাশে শুরু হয়েছে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ মহোৎসব। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় শিক্ষাঙ্গনে চালু হতে যাচ্ছে পাঁচ কোটি দেশীয় গাছ রোপণের সবুজায়ন কর্মসূচি।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৮ জুন রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ের নির্বাচিত সেরা ১০০টি বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী উদ্বোধন করবেন। একই দিনে দেশের ২৯ হাজার ৬২১টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এই উদ্যোগ বাস্তবায়ন করছে। ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস)’ এবং ‘লার্নিং অ্যাক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস)’ প্রকল্পের মাধ্যমে পুরো কর্মসূচি পরিচালিত হচ্ছে।
মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের মুখস্থনির্ভরতা থেকে বের করে সৃজনশীল ও বিশ্লেষণধর্মী চিন্তায় উৎসাহিত করবে। পাশাপাশি স্থানীয় সমস্যার স্থানীয় সমাধান এবং তরুণ উদ্যোক্তা তৈরির সুযোগ তৈরি হবে।
তিনি আরও জানান, জলবায়ু সচেতনতা গড়ে তুলতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির লক্ষ্য নিয়েই এই কর্মসূচি নেওয়া হয়েছে।
মাউশি জানায়, দেশজুড়ে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা দলভিত্তিকভাবে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। প্রতিটি দলে রয়েছে ৩ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষক। উপজেলা ও জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে চূড়ান্ত পর্বে ১০০টি দল অংশ নেবে।
চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ২৭ জুন ঢাকায়, আর ২৮ জুন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হবে। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।
এছাড়া সেরা ১০টি দলকে ট্রফি দেওয়া হবে। শিক্ষকরা পাবেন ৩০ হাজার টাকা এবং শিক্ষার্থীরা পাবেন ২০ হাজার টাকা ও সনদ।
একই কর্মসূচির অংশ হিসেবে শুরু হচ্ছে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ উদ্যোগ। এর মাধ্যমে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ বছরে পাঁচ কোটি দেশীয় ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আগামী ২৮ জুন একযোগে ২৯ হাজার ৬২১টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হবে। প্রতিটি প্রতিষ্ঠানে অন্তত তিনটি করে গাছ লাগানো হবে বলে জানিয়েছে মাউশি।























