ঢাকায় ইরান রাষ্ট্রদূতের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আলোচনা
- আপডেট সময় : ০৬:৩৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / 12

ঢাকায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহান আবাদির সঙ্গে গণঅধিকার পরিষদের একটি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায় ঢাকার ইরান দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ইরানের রাষ্ট্রদূতের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল এবং গণঅধিকার পরিষদের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। গণঅধিকার পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ও মুখপাত্র ফারুক হাসান, উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, সহ-সভাপতি আরিফুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান এবং পেশাজীবী অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আরিফ মাহমুদ।
বৈঠকের শুরুতে সম্প্রতি সংঘাতে নিহত ইরানি নাগরিকদের প্রতি শ্রদ্ধা জানায় গণঅধিকার পরিষদ। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি ও সম্ভাব্য সমঝোতা উদ্যোগকে স্বাগত জানানো হয়।
গণঅধিকার পরিষদের নেতারা আশা প্রকাশ করেন, শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিশ্বে আরও নিরাপদ ও সমৃদ্ধ পরিবেশ গড়ে উঠবে।
বৈঠকে বাংলাদেশ ও ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি, গবেষণা ও সাংস্কৃতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয়পক্ষই পারস্পরিক স্বার্থে সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়েও মতবিনিময় হয়। বৈঠক শেষে ভবিষ্যতে দুই দেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করা হয়।

























