যানজট কমাতে যশোরে নতুন সেতুর ঘোষণা
- আপডেট সময় : ০২:৪১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
- / 45

যশোর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা কমাতে নতুন সেতু নির্মাণের ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানিয়েছেন, গরীব শাহর মাজার এলাকা থেকে ঘোপ নওয়াপাড়া সড়কে ভৈরব নদের ওপর নতুন একটি সেতু নির্মাণ করা হবে। পাশাপাশি কাঠেরপুল সেতুকেও প্রশস্ত করা হবে।
শুক্রবার সকালে যশোর পৌরসভার ৬ ও ৯ নম্বর ওয়ার্ডে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে যশোরবাসীর প্রতি তার দায়বদ্ধতা রয়েছে। শহরের মানুষের চলাচলে স্বস্তি ফেরাতে কাজ করা হচ্ছে। আগামী বর্ষা মৌসুমে আগের তুলনায় জলাবদ্ধতার ভোগান্তি অন্তত অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত নিরাপদ যশোর গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এসব অপরাধের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান তিনি।
এদিন বিভিন্ন এলাকায় রাস্তা, ড্রেন ও স্ট্রিট লাইট নির্মাণকাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এর মধ্যে রয়েছে রায়পাড়া তুলোতলা সড়ক, নমশূদ্রপাড়া এলাকা এবং যশোর-খুলনা মহাসড়ক সংযোগ সড়কের উন্নয়নকাজ।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রকৌশলী ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।





















