উত্তরের প্রান্তে উচ্চশিক্ষার নতুন দিগন্ত, যাত্রা শুরু করতে যাচ্ছে ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয়
- আপডেট সময় : ১১:১৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / 72

দেশের সর্ব-উত্তরের সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ে উচ্চশিক্ষার নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। অবহেলিত এই জনপদের শিক্ষা খাতকে এগিয়ে নিতে নবগঠিত ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয় আগামী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকেই সীমিত পরিসরে শিক্ষা কার্যক্রম শুরু করবে।
মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক ড. ইসরাফিল শাহীন। তিনি গত ৭ মে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
মতবিনিময় সভায় তিনি বলেন, বিশ্ববিদ্যালয় একটি জাতীয় প্রতিষ্ঠান হলেও এর ভাবমূর্তি দেশ-বিদেশে সুনামের ওপর নির্ভরশীল। তাই এ প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানে গড়ে তুলতে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উপাচার্য আরও জানান, বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং এটি একটি আধুনিক ও গবেষণাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
দীর্ঘদিন পিছিয়ে থাকা ঠাকুরগাঁওয়ে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার খবরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয়রা মনে করছেন, এই উদ্যোগ জেলার শিক্ষা ও উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।
ঠাকুরগাঁও প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


























