বাংলাদেশের সঙ্গে ওষুধ, পর্যটন ও শিক্ষা খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহ নিউজিল্যান্ডের
- আপডেট সময় : ০৬:০৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / 159

ওষুধ শিল্প, পর্যটন, উচ্চশিক্ষা এবং খাদ্য প্রক্রিয়াকরণ খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে নিউজিল্যান্ড।
সোমবার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার ডেভিড পাইন এ আগ্রহের কথা জানান। এ সময় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন সহযোগিতার ক্ষেত্র নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
সাক্ষাৎকালে হাইকমিশনার বলেন, ওষুধ শিল্প, পর্যটন, উচ্চশিক্ষা এবং খাদ্য প্রক্রিয়াকরণ খাতে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করতে নিউজিল্যান্ড আগ্রহী। পাশাপাশি তিনি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন এবং আন্তর্জাতিক পর্যায়ে আরও নেতৃত্বমূলক ভূমিকা রাখার আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং সবুজ অর্থনীতি গঠনে কাজ করছে। তিনি বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখতে প্রস্তুত।





















