ঢাকা দক্ষিণ সিটি মেয়র পদে প্রার্থী হচ্ছেন নীলা ইসরাফিল
- আপডেট সময় : ০৫:৩০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / 228

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন নীলা ইসরাফিল। মঙ্গলবার (৫ মে) রাতে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টার শেয়ার করে এই ঘোষণা দেন।
পোস্টে নীলা ইসরাফিল লেখেন, সবার ভালোবাসা ও অনুপ্রেরণায় তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকার প্রত্যাশা ব্যক্ত করে জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।
নীলা ইসরাফিল বিভিন্ন সময়ে পারিবারিক একটি বিষয়কে কেন্দ্র করে আলোচনায় আসেন। তিনি প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফের সাবেক স্ত্রী। মুয়াজ আরিফের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে করা মামলার পর তিনি প্রথম আলোচনায় আসেন। পরে সামাজিক মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিয়েও তিনি আলোচনায় থাকেন।
তিনি আরও বলেন, একজন নারীর প্রতি নির্যাতন ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা হলেও যথাযথ বিচার না হওয়ায় তিনি হতাশ। এ ধরনের ঘটনায় ন্যায়বিচারের অভাব নিয়েও তিনি মন্তব্য করেন।
নীলা ইসরাফিল গোপালগঞ্জের বাসিন্দা। ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয় থাকার পর তিনি একটি রাজনৈতিক দলে যুক্ত হন এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন।
গণমাধ্যম সূত্রে জানা যায়, নীলা ইসরাফিল একাধারে মডেল ও অভিনেত্রী। তিনি নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে কাজ করেছেন। এর মধ্যে কয়েকটি নাটক ও বিজ্ঞাপন সম্প্রতি প্রচারিত হয় এবং সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।


























