মেগা প্রকল্পে অপচয় নয়, বাস্তব সুফল নিশ্চিতের নির্দেশ সড়ক ও সেতুমন্ত্রীর
- আপডেট সময় : ০৬:২৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / 136

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ শীর্ষক এক কর্মশালায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম মেগা প্রকল্প নিয়ে গতানুগতিক দৃষ্টিভঙ্গির সমালোচনা করেছেন।
তিনি বলেন, আগের সরকারের মতো যথাযথ যাচাই-বাছাই ছাড়া বড় প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থ অপচয় করতে চায় না বর্তমান সরকার। প্রতিটি প্রকল্প গ্রহণের ক্ষেত্রে বাস্তবসম্মত পরিকল্পনা ও জনগণের ট্যাক্সের অর্থের সঠিক ব্যবহারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে তিনি জানান।
মন্ত্রী আরও বলেন, কোনো প্রকল্পের লাভ শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং তার বাস্তব সুফল সাধারণ মানুষকে ভোগ করতে হবে।
মঙ্গলবার (৫ মে) অনুষ্ঠিত এই কর্মশালায় সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, বড় প্রকল্প মানেই দুর্নীতি—এমন ধারণা সমাজে রয়েছে, যা কাজের মাধ্যমে পরিবর্তন করতে হবে।
তিনি সংশ্লিষ্টদের সততা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন, যাতে প্রতিটি প্রকল্প জনগণের আস্থা অর্জন করতে পারে।
প্রস্তাবিত ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে সাভার, কেরানীগঞ্জ, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও বন্দর উপজেলাকে সরাসরি সংযুক্ত করবে। প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানীর যানজট কমানো এবং উপশহরগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।





















