তুরস্কের বিনিয়োগ বাড়াতে আহ্বান জানালেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, নির্মাণসহ একাধিক খাতে সহযোগিতা জোরদার
- আপডেট সময় : ০৭:৫৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / 49

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাতে মন্ত্রী জাকারিয়া তাহের বলেন, বাংলাদেশের সঙ্গে তুরস্কের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তিনি তুরস্কের বিনিয়োগকারীদের বাংলাদেশের নির্মাণ খাত, জাহাজ নির্মাণ, ওষুধ শিল্প এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান জানান।
তিনি আরও বলেন, বাংলাদেশ ২০৩৫ সালের মধ্যে একটি ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। এ লক্ষ্য অর্জনে সরকার ব্যবসাবান্ধব নীতি গ্রহণ করেছে, যা বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে।
অন্যদিকে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান এবং বিভিন্ন খাতে সহযোগিতা ও অংশীদারিত্ব আরও জোরদারের সুযোগ রয়েছে। তিনি বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনার কথাও উল্লেখ করেন।
তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে আগামী জুনে তুরস্কে অনুষ্ঠিতব্য ‘তুরস্ক কনস্ট্রাকশন সামিট ২০২৬’-এ অংশগ্রহণের আমন্ত্রণ জানান।






















