স্বাস্থ্য খাতে বড় ঘোষণা, ১ লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা
- আপডেট সময় : ০৭:৪৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / 37

স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তনের লক্ষ্য নিয়ে সারা দেশে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে ৮০ শতাংশ নিয়োগ নারীদের জন্য বরাদ্দ থাকবে বলে তিনি জানিয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সরকার মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে, যাতে সবাই সহজে স্বাস্থ্যসেবা পেতে পারে। পাশাপাশি সরকারি ব্যবস্থাপনায় বেসরকারি পর্যায়েও চিকিৎসাসেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, বিশ্বে চিকিৎসা ব্যয়বহুল হলেও সরকারের লক্ষ্য শুধু চিকিৎসা দেওয়া নয়, বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে হাসপাতালের ওপর চাপ কমানো।
এই পরিকল্পনার অংশ হিসেবেই সারা দেশে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যাদের অধিকাংশই নারী। তারা তৃণমূল পর্যায়ে কাজ করবেন এবং পরিবারগুলোকে স্বাস্থ্য সচেতনতা, বিশেষ করে খাদ্যাভ্যাস ও পুষ্টি বিষয়ে পরামর্শ দেবেন।
প্রধানমন্ত্রী বলেন, খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে অনেক রোগ প্রতিরোধ করা সম্ভব, যা হাসপাতালের ওপর চাপ কমাতে সাহায্য করবে।
এর আগে তিনি শার্শার উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন এবং যশোর মেডিকেল কলেজ ক্যাম্পাসে নতুন হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। এছাড়া যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি ভবনের উদ্বোধনও করেন তিনি।
দিনের শেষ অংশে তিনি যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে একটি রাজনৈতিক সমাবেশেও যোগ দেন।






















