সংসদ স্পিকারের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক
- আপডেট সময় : ০৮:০৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / 40

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।
সোমবার (২৭ এপ্রিল) স্পিকারের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যুক্তরাজ্যের জনগণ ও তৎকালীন সরকারের সমর্থন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
তিনি আরও বলেন, বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রে যুক্তরাজ্যের ওয়েস্টমিনিস্টার মডেল অনুসরণ করে আসছে। পাশাপাশি ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথাও তিনি উল্লেখ করেন।
স্পিকার দাবি করেন, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়েছে এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছে, বিশেষ করে তৃণমূল ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে স্পিকার বলেন, সরকার কারিগরি ও মানসম্মত শিক্ষার প্রসারে কাজ করছে এবং এ ক্ষেত্রে যুক্তরাজ্য গুরুত্বপূর্ণ সহযোগিতা করতে পারে।
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানান। তিনি বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনায় বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকটে যুক্তরাজ্য যুদ্ধ ও সংঘাতের পরিবর্তে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে অবস্থান নেয়।
বৈঠকে দুই দেশের মধ্যে শিক্ষা, বৈদেশিক বিনিয়োগ, অভিবাসন সংকট ও সম্ভাব্য সমাধানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে স্পিকার বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং সংসদীয় প্রতিনিধিদলের নিয়মিত সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।






















