মোবাইল রিচার্জে অতিরিক্ত কর কমানোর ইঙ্গিত, গ্রাহক সেবায় উন্নয়নের প্রতিশ্রুতি
- আপডেট সময় : ০৪:৪৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / 73

মোবাইল ফোনে রিচার্জের ক্ষেত্রে অতিরিক্ত কর আরোপ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তিনি বলেছেন, ১০০ টাকার রিচার্জে বড় অঙ্কের অর্থ কর হিসেবে কেটে নেওয়া যৌক্তিক নয় এবং এ বিষয়টি পুনর্বিবেচনা করা হচ্ছে।
শনিবার রাজধানীর তেজগাঁওয়ে এক সেমিনারে তিনি জানান, টেলিযোগাযোগ সেবায় আরোপিত কর ও ভ্যাট কমানোর বিষয়ে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।
তিনি বলেন, দেশে মোবাইল সেবা ব্যবহারকারীরা খরচ করার পরও কাঙ্ক্ষিত মানের সেবা পাচ্ছেন না, যা উন্নত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
উপদেষ্টা আরও জানান, দেশের প্রায় ৯০ শতাংশ জনগণকে আধুনিক উচ্চগতির ইন্টারনেট সেবার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে সর্বনিম্ন ১০০ এমবিপিএস গতির ব্রডব্যান্ড সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
বর্তমানে মোবাইল ফোন সেবায় বিভিন্ন ধরনের কর আরোপ রয়েছে। সাম্প্রতিক বাজেটে সম্পূরক শুল্ক বৃদ্ধি পাওয়ায় গ্রাহকদের ব্যয় বেড়েছে। এর সঙ্গে ভ্যাট, সারচার্জ এবং অন্যান্য চার্জ যুক্ত হয়ে মোট ব্যয়ের একটি বড় অংশ কর হিসেবে পরিশোধ করতে হচ্ছে ব্যবহারকারীদের।
এ অবস্থায় টেলিযোগাযোগ খাতে কর কাঠামো পুনর্বিন্যাস করে গ্রাহকদের ওপর চাপ কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।






















