জ্বালানির দাম বাড়ায় খুশি পেট্রোলপাম্প মালিকরা, কারণ কমিশন বৃদ্ধি
- আপডেট সময় : ০৮:৩৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / 39

জ্বালানি তেলের দাম বাড়ার পর সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ভোগান্তি বাড়লেও পেট্রোলপাম্প মালিকদের মধ্যে দেখা গেছে ভিন্ন চিত্র। তারা প্রকাশ্যে সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন, যা নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা ও প্রশ্ন উঠেছে।
অনেকে বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করে জানতে চেয়েছেন, তেলের দাম বাড়ায় পাম্প মালিকরা কেন খুশি। কেউ কেউ ধারণা করছেন, মজুত রাখা তেল বেশি দামে বিক্রি করার সুযোগ তৈরি হয়েছে। তবে সংশ্লিষ্টদের মতে, মূল কারণটি ভিন্ন।
জানা গেছে, পেট্রোলপাম্প মালিকরা প্রতি লিটার জ্বালানি বিক্রির ওপর নির্দিষ্ট কমিশন পান। তেলের দাম বাড়লে সেই কমিশনের পরিমাণও বেড়ে যায়। ফলে দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের আয়ও বাড়ে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, লিটারপ্রতি ডিজেলে ৩ দশমিক ১৬ টাকা, কেরোসিনে ২ দশমিক ৫৩ টাকা, অকটেনে ৫ দশমিক ৭১ টাকা এবং পেট্রোলে ৫ দশমিক ৫৭ টাকা কমিশন পাচ্ছেন ডিলার ও এজেন্টরা। এতে তাদের স্থায়ী আয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় খুশি প্রকাশ করেছেন তারা।
তবে এই খুশি প্রকাশ করায় অনেক পাম্প মালিক সমালোচনার মুখে পড়েছেন। সংবাদমাধ্যমে প্রকাশ্যে কথা বলতে অনেকে অনাগ্রহ দেখাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মালিক জানান, দাম বাড়লে কমিশনও বাড়ে, ফলে তাদের কিছুটা আর্থিক স্বস্তি আসে।

























