সমাজসেবা অধিদপ্তরে বড় নিয়োগ, ৫২ পদে নেওয়া হবে ১৪৮৫ জন
- আপডেট সময় : ০৪:৩৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / 14

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৫২টি ভিন্ন পদে মোট ১ হাজার ৪৮৫ জন জনবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এই নিয়োগে অষ্টম শ্রেণি ও এসএসসি পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। নারী ও পুরুষ উভয়েই নির্ধারিত যোগ্যতা অনুযায়ী আবেদন করার সুযোগ পাবেন।
অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ শুরু হবে আগামী ২ জুন ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদন করা যাবে ২৩ জুন ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের দেশের যেকোনো স্থানে কাজ করতে হতে পারে। চাকরিগুলো স্থায়ী ও অস্থায়ী—দুই ধরনের হবে।
প্রার্থীর বয়স ১ জুন ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণে কোনো ধরনের এফিডেভিট গ্রহণ করা হবে না বলেও উল্লেখ করা হয়েছে।
আবেদন করতে হলে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ফরম পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ৩০০x৩০০ পিক্সেল সাইজের ছবি এবং ৩০০x৮০ পিক্সেল সাইজের স্বাক্ষর আপলোড করতে হবে।
পরীক্ষার ফি টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে জমা দিতে হবে। ১ থেকে ৩৭ নম্বর পদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১১২ টাকা এবং ৩৮ থেকে ৫২ নম্বর পদের জন্য ৫৬ টাকা। আবেদন সম্পন্নের ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের পরে বা অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না।


























