নতুন ইউনিফর্মে ফিরল পুলিশ, গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্টে দায়িত্ব পালন শুরু
- আপডেট সময় : ০৫:৪০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / 20

সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশের পুলিশ সদস্যরা আবারও গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি রঙের প্যান্টের ইউনিফর্মে দায়িত্ব পালন শুরু করেছেন। বুধবার (১ জুলাই) থেকে নতুন এ পোশাক আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। সরকার পরিবর্তনের পর পুলিশের ইউনিফর্ম পুনরায় পরিবর্তনের সিদ্ধান্তের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বুধবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধনের সময় নতুন ইউনিফর্মে দেখা যায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরকে। অনুষ্ঠানে তিনি গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্ট পরিধান করেন। একই অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদকে হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্টে দেখা যায়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ জানান, বুধবার থেকেই নতুন ইউনিফর্ম পরা শুরু করেছেন পুলিশ সদস্যরা। তবে এখনো সব সদস্যের হাতে নতুন পোশাক পৌঁছায়নি। পর্যায়ক্রমে সবাই নতুন ইউনিফর্ম পাবেন এবং যারা ইতোমধ্যে পেয়েছেন, তারা সেই পোশাকেই দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশে সংস্কারের দাবির পাশাপাশি ইউনিফর্ম পরিবর্তনের বিষয়টিও সামনে আসে। পরে গত বছরের ২০ জানুয়ারি আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী শার্টের রং লোহা-ধূসর এবং প্যান্টের রং কফি-বাদামি ধূসর নির্ধারণ করা হয়। ২৫ নভেম্বর থেকে পুলিশ সদস্যরা সেই নতুন ইউনিফর্মে মাঠে দায়িত্ব পালন শুরু করেন।
তবে ওই পোশাক নিয়ে মাঠপর্যায়ের অনেক পুলিশ সদস্যের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। পোশাকের রং ও নকশা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনাও হয়। পরবর্তীতে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও ইউনিফর্ম পরিবর্তনের দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত ১৮ জুন পুলিশ সদর দপ্তর নতুন প্রজ্ঞাপন জারি করে।
নতুন প্রজ্ঞাপনে শার্ট ও প্যান্টের পাশাপাশি জার্সি, কার্ডিগান, পুলওভার, জ্যাকেট, নারী পুলিশের পোশাক, মাথার আবরণ এবং পূর্ণহাতা পোশাকের রঙেও পরিবর্তন আনা হয়েছে। আগে লোহা-ধূসর শার্টের সঙ্গে একই রঙের জার্সি বা কার্ডিগান ব্যবহারের বিধান থাকলেও এখন গাঢ় নীল শার্টের সঙ্গে গাঢ় নীল জার্সি, কার্ডিগান বা পুলওভার ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা পুলিশ এবং এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র্যাব ছাড়া অন্যান্য ইউনিটের সদস্যদের ট্রাউজার হবে খাকি রঙের টিসি টুইল কাপড়ের এবং শার্ট হবে গাঢ় নীল টিসি প্লেইন ফেব্রিকের। শার্টে চারটি পকেট ও সামনে সমদূরত্বে সাতটি বোতাম থাকবে।
নারী পুলিশ সদস্যদের জন্যও নতুন নির্দেশনায় আলাদা বিধান রাখা হয়েছে। তারা চাইলে শাড়ি পরতে পারবেন। জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটে গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ এবং মহানগর পুলিশের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজ পরার সুযোগ থাকবে। এছাড়া অনুমোদিত গাঢ় নীল রঙের মাথার আবরণ ব্যবহার করা যাবে। ট্রাফিক ইউনিটে কর্মরত নারী সদস্যরা সারা বছর পূর্ণহাতা শার্ট বা ব্লাউজ পরতে পারবেন। গর্ভাবস্থায় সংশ্লিষ্ট ইউনিটপ্রধানের অনুমোদন নিয়ে সাধারণ পোশাক পরিধানের সুযোগও রাখা হয়েছে।
এছাড়া মৌসুমভেদে শার্টের ধরনও নির্ধারণ করা হয়েছে। গ্রীষ্মকালে অর্ধহাতা এবং শীতকালে পূর্ণহাতা শার্ট পরার নির্দেশনা দেওয়া হয়েছে।


























