গরমে মাথাব্যথা: সাইনাস নাকি মাইগ্রেন—কীভাবে বুঝবেন পার্থক্য
- আপডেট সময় : ০৬:৪৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / 11

গরমের সময়ে মাথাব্যথা অনেকেরই নিয়মিত সমস্যায় পরিণত হয়। আবহাওয়ার পরিবর্তন—তীব্র রোদ থেকে হঠাৎ বৃষ্টি—এই সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে। কারও রোদে বের হলেই মাথাব্যথা শুরু হয়, আবার কারও ক্ষেত্রে বৃষ্টিতে ভেজার পর একই উপসর্গ দেখা দেয়। ব্যথা কখনো মাথার এক পাশে, কখনো পুরো মাথাজুড়ে ছড়িয়ে পড়ে। তবে অনেকেই বুঝতে পারেন না, এটি সাইনাসজনিত ব্যথা নাকি মাইগ্রেন।
চিকিৎসকদের মতে, গরমকালে সংক্রমণের ঝুঁকি বাড়ায় সাইনাসের সমস্যা তুলনামূলক বেশি দেখা যায়। অন্যদিকে অতিরিক্ত গরম ও তীব্র রোদ মাইগ্রেনের আক্রমণও বাড়িয়ে দিতে পারে। তাই মাথাব্যথার সঠিক কারণ নির্ণয় করা গুরুত্বপূর্ণ।
ডিহাইড্রেশনও গরমের সময় মাথাব্যথার একটি বড় কারণ হিসেবে কাজ করে। তবে সাইনাস বা মাইগ্রেন আক্রান্ত রোগীদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন।
সাইনাসের ক্ষেত্রে মাথাব্যথার পাশাপাশি নাক বন্ধ হয়ে যাওয়া, নাক দিয়ে পানি পড়া, নাকে জ্বালাপোড়া এবং কখনো নাক থেকে রক্ত পড়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। এছাড়া দাঁত, চোখ ও চোয়ালের আশপাশেও ব্যথা অনুভূত হয়। অনেক সময় অ্যালার্জি, ত্বকে চুলকানি বা সংক্রমণ এবং জ্বরও দেখা দিতে পারে।
অন্যদিকে মাইগ্রেনের ব্যথা সাধারণত মাথার এক পাশে তীব্র ও ধকধকে ধরনের হয়, যা ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। এই ব্যথা ঘাড় ও মাথার পেছনেও ছড়িয়ে পড়তে পারে। এর সঙ্গে বমি বমি ভাব, আলো সহ্য করতে না পারা এবং চোখে অস্বস্তির মতো উপসর্গ দেখা দেয়। কিছু ক্ষেত্রে চা-কফি, ধূমপান বা মদ্যপান মাইগ্রেনের ব্যথা আরও বাড়িয়ে দেয়।

























