১৬ বছরের নিচে সামাজিকমাধ্যমে কড়াকড়ি, নতুন নিয়ম চালু করছে মালয়েশিয়া
- আপডেট সময় : ০৪:৪০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / 109

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিরাপত্তা জোরদার করতে নতুন পদক্ষেপ নিয়েছে মালয়েশিয়া। দেশটির মালয়েশিয়ান কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি) অনলাইন সেফটি অ্যাক্ট ২০২৫-এর আওতায় ‘চাইল্ড প্রোটেকশন কোড’ ও ‘রিস্ক রিডাকশন কোড’ চালু করেছে, যা আগামী ১ জুন থেকে কার্যকর হবে।
সংস্থাটি জানিয়েছে, নতুন এই নীতিমালার মূল লক্ষ্য হলো শিশু ও পরিবারের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করা এবং ১৬ বছরের কম বয়সীদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষা দেওয়া।
চাইল্ড প্রোটেকশন কোড অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোকে ‘সেফটি বাই ডিজাইন’ নীতি অনুসরণ করতে হবে। ১৬ বছরের নিচে শিশুদের অ্যাকাউন্ট খোলা ও ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হবে। পাশাপাশি বয়সভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা ও নির্দিষ্ট ফিচার ব্যবহারে সীমাবদ্ধতা থাকবে।
অন্যদিকে রিস্ক রিডাকশন কোডের আওতায় প্ল্যাটফর্মগুলোকে ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণে আরও সক্রিয় হতে হবে। এর মধ্যে রয়েছে ঝুঁকি মূল্যায়ন, কনটেন্ট ব্যবস্থাপনা, অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা, বিজ্ঞাপন যাচাই এবং বিভ্রান্তিকর কনটেন্টে সতর্কবার্তা যুক্ত করা।
এমসিএমসি আরও জানিয়েছে, নতুন নিয়ম কার্যকরের আগে প্ল্যাটফর্মগুলোকে সময় দেওয়া হবে। ব্যবহারকারীদের ক্ষেত্রে বয়স যাচাই বাধ্যতামূলক করা হবে, যেখানে সরকারি পরিচয়পত্র যেমন মাইকাড বা পাসপোর্ট ব্যবহার করতে হবে।
এই বিধিনিষেধের আওতায় থাকবে ফেসবুক, ইন্সটাগ্রাম, টিকটক ও ইউটিউবসহ বড় সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলো, যেগুলোর ব্যবহারকারী সংখ্যা মালয়েশিয়ায় আট মিলিয়নের বেশি।


























