ভিসা জালিয়াতি রোধে কঠোর চীনা দূতাবাস, নতুন নিয়ম ৫ জুলাই থেকে
- আপডেট সময় : ০৬:১১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / 27

বাংলাদেশে চীনা ভিসা আবেদন প্রক্রিয়ায় কিছু ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে অনিয়ম ও প্রতারণার অভিযোগ তুলে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস।
দূতাবাসের নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি কিছু এজেন্সির বিরুদ্ধে আবেদনপত্র ও কাগজপত্র জাল করা, ফি সংক্রান্ত তথ্য গোপন রাখা, ভিসা পাওয়া কঠিন বলে অতিরঞ্জিত প্রচার চালানো, আবেদন প্রক্রিয়া বিলম্বিত করা এবং ভুয়া তথ্য ছড়ানোর মতো অভিযোগ পাওয়া গেছে। এসব কার্যক্রম ভিসা প্রক্রিয়াকে ব্যাহত করছে এবং আবেদনকারীদের ক্ষতির কারণ হচ্ছে।
এ পরিস্থিতিতে আগামী ৫ জুলাই থেকে নতুন নিয়ম কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, বাংলাদেশে যেসব ট্রাভেল এজেন্সি ভিসা আবেদন জমা দেবে, তাদের অবশ্যই ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) স্বীকৃত হতে হবে।
দূতাবাস আরও জানিয়েছে, কোনো এজেন্সিকে বিশেষ সুবিধা দেওয়া হয় না এবং ভিসা যাচাই প্রক্রিয়ায় কোনো শিথিলতাও নেই। তাই আবেদনকারীদের সঠিক কাগজপত্রসহ সরাসরি অফিসিয়াল ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
চীনা দূতাবাস বলেছে, বাংলাদেশি নাগরিকদের জন্য দ্রুত ও মানসম্মত ভিসা সেবা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে দুই দেশের জনগণের যোগাযোগ আরও সহজ করতে নতুন পদক্ষেপ নেওয়া হবে।
একই সঙ্গে দূতাবাস স্পষ্ট করেছে, কোনো প্রতিষ্ঠানকে একচ্ছত্র ভিসা এজেন্সি হিসেবে অনুমোদন বা সুপারিশ করা হয়নি। দূতাবাসের নাম ব্যবহার করে বাণিজ্যিকভাবে ভিসা কার্যক্রম পরিচালনার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।















