আপিল বিভাগে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা, প্রধান বিচারপতির কাছে ফের আবেদন
- আপডেট সময় : ০২:৫০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / 140

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাংবাদিকদের প্রবেশের অনুমতি চেয়ে আবারও প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম।
বুধবার সকালে সংগঠনটির সভাপতি মাসউদুর রহমান রানা ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম স্বাক্ষরিত একটি চিঠি প্রধান বিচারপতির কাছে দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, প্রায় চার মাস ধরে আপিল বিভাগের এজলাস কক্ষে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় তারা সরাসরি আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ ও সঠিকভাবে সংবাদ সংগ্রহ করতে পারছেন না। এতে বিচার বিভাগের গুরুত্বপূর্ণ বিষয় জনগণের কাছে যথাযথভাবে তুলে ধরা ব্যাহত হচ্ছে।
সংগঠনটি উল্লেখ করেছে, বিচার বিভাগের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনআস্থা বজায় রাখতে দায়িত্বশীল গণমাধ্যমের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরাসরি তথ্য সংগ্রহের সুযোগ না থাকলে অসম্পূর্ণ বা বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের আশঙ্কা তৈরি হয়, যা বিচার বিভাগের ভাবমূর্তির জন্যও ইতিবাচক নয়।
চিঠিতে আরও বলা হয়, এ বিষয়ে এর আগেও লিখিত আবেদন এবং মানববন্ধনসহ বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হলেও এখনো কার্যকর কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।
ঈদুল আজহার পর থেকে আপিল বিভাগের এজলাস কক্ষে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়ার জন্য প্রধান বিচারপতির সদয় হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি। পাশাপাশি অপসাংবাদিকতা রোধে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে।
চিঠিটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল গ্রহণ করেন। এ সময় সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।























