হঠাৎ ভারি বৃষ্টিতে রাজধানীজুড়ে দুর্ভোগ, ৭২ ঘণ্টার ভারি বর্ষণের সতর্কতা
- আপডেট সময় : ০৬:৫৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / 154

রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় হঠাৎ নামা ভারি বৃষ্টিতে জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে। বুধবার (১৩ মে) বিকাল থেকে আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং সন্ধ্যার আগেই বিভিন্ন এলাকায় অন্ধকার নেমে আসে। টানা বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে নগরজীবন কার্যত স্থবির হয়ে পড়ে।
অফিস শেষে ঘরমুখো মানুষের দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়। রাজধানীর বিভিন্ন এলাকায় পানি জমে থাকায় যানবাহন চলাচল ব্যাহত হয়। বিশেষ করে নিম্নাঞ্চল ও জলাবদ্ধতাপ্রবণ এলাকায় মানুষের ভোগান্তি ছিল সবচেয়ে বেশি।
বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও ঝড়ো হাওয়ারও খবর পাওয়া গেছে। রাস্তায় থাকা মানুষজনকে বাসস্ট্যান্ড, ফুটওভার ব্রিজ ও দোকানের ছাউনির নিচে আশ্রয় নিতে দেখা যায়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশে বজ্রমেঘের সৃষ্টি অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এতে সিলেট বিভাগের কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
এছাড়া পৃথক সতর্কবার্তায় বলা হয়েছে, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, বগুড়া, জয়পুরহাট ও কিশোরগঞ্জের কিছু এলাকায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। বজ্রপাতের সময় বাইরে না যাওয়ার জন্য বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বজ্রপাতের শব্দ শোনা মানেই ঝুঁকির মধ্যে থাকা। তাই সর্বশেষ বজ্রধ্বনি শোনার পর অন্তত ৩০ মিনিট ঘরের ভেতরে অবস্থান করার নির্দেশনা দেওয়া হয়েছে।
নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ ও পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।






















