পুলিশে দুর্নীতিতে আর ছাড় নয়, বডিওর্ন ক্যামেরা বাড়ানোর ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
- আপডেট সময় : ০২:৫১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- / 68

পুলিশ বাহিনীতে দুর্নীতি ও শৃঙ্খলাভঙ্গের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বর্তমান সরকার কোনোভাবেই দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। বাহিনীর কোনো সদস্য শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার পুলিশ সপ্তাহ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশের অপারেশন, তদন্ত ও ট্রাফিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়াতে বডিওর্ন ক্যামেরার ব্যবহার আরও সম্প্রসারণ করা হবে। বর্তমানে কিছু ক্যামেরা থাকলেও ভবিষ্যতে সব পর্যায়ে এই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে, যাতে গুরুত্বপূর্ণ কার্যক্রম রেকর্ড রাখা যায়।
তিনি আরও বলেন, জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী ন্যূনতম বলপ্রয়োগ বিষয়ে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মানবাধিকার রক্ষা করেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং তদন্ত কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন তিনি।
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ানোর কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এ খাতে এখনো কাঙ্ক্ষিত সুনাম অর্জন করা সম্ভব হয়নি। দেশের ভাবমূর্তি রক্ষায় টুরিস্ট পুলিশকে আরও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় পুলিশিং শুধু অপরাধ দমনেই সীমাবদ্ধ নয়। জনগণের সঙ্গে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, ব্যক্তিগত সততা ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার কোনো বিকল্প নেই। দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি বজায় থাকবে এবং বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ড বরদাশত করা হবে না। চেইন অব কমান্ড ভঙ্গকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।






















