সাত জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, বজ্রপাত নিয়ে বাড়তি সাবধানতার নির্দেশ
- আপডেট সময় : ০৭:৫৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- / 95

দেশের সাতটি জেলায় বজ্রপাত, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সন্ধ্যার মধ্যে এসব এলাকায় কালবৈশাখী ঝড় এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুর, বরগুনা, নীলফামারী ও পঞ্চগড় জেলার কিছু কিছু স্থানে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে। এ অবস্থায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষভাবে বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, এটি মূলত বজ্রপাত সম্পর্কিত সতর্কবার্তা, বৃষ্টির পরিমাণ বা সময় নির্ধারণের জন্য নয়।
তারা আরও জানিয়েছে, বৃষ্টি শুরু হওয়ার আগে, চলাকালীন কিংবা বৃষ্টি শেষ হওয়ার পরও বজ্রপাত হতে পারে। তাই সর্বশেষ বজ্রধ্বনি শোনার পর অন্তত ৩০ মিনিট পর্যন্ত বজ্রপাতের ঝুঁকি থেকে সতর্ক থাকতে বলা হয়েছে।






















