খুদে উদ্ভাবক রিফাতের তৈরি গাড়িতে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট সময় : ০৩:১৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- / 43

বিশেষ চাহিদাসম্পন্ন খুদে উদ্ভাবক ও কলেজছাত্র ওয়াকিমুল ইসলাম রিফাতের তৈরি স্মার্ট গাড়িতে চড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রিফাত নিজেই গাড়িটি চালিয়ে দেখান। এ সময় প্রধানমন্ত্রীর পাশে বসেই গাড়ি চালান তিনি।
গাড়ি প্রদর্শনের সময় প্রধানমন্ত্রী রিফাতের সঙ্গে তার উদ্ভাবন, প্রযুক্তি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। রিফাত জানান, প্রয়োজনীয় সহযোগিতা পেলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আরও উন্নতমানের স্মার্ট গাড়ি তৈরি করা সম্ভব। তিনি বলেন, এই গাড়ি শুধু বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য নয়, বয়স্ক মানুষের চলাচলেও সহায়ক হতে পারে।
ওয়াকিমুল ইসলাম রিফাত যশোরের চৌগাছা শহরের ব্রাকপাড়া এলাকার বাসিন্দা আবু খায়েরের ছেলে।
জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে নিজের শারীরিক প্রতিবন্ধকতার কারণে চলাচলে সমস্যার মুখে পড়ে ভিন্নধর্মী একটি গাড়ি তৈরির পরিকল্পনা করেন রিফাত। তিনি এমন একটি গাড়ি তৈরি করতে চেয়েছিলেন, যা মানুষের মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এর ফলে তার মতো শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরাও সহজে গাড়ি চালাতে পারবেন।
মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে তিনি এ প্রকল্পের কাজ শুরু করেন। স্কুলের টিফিনের টাকা জমিয়ে, ঈদের সেলামি থেকে সঞ্চয় করে এবং বাবার সহযোগিতায় তিনি ধীরে ধীরে গাড়িটি তৈরি করেন। পুরো গাড়ি তৈরি করতে সময় লেগেছে প্রায় দুই থেকে তিন বছর।
রিফাতের বাবা আবু খায়ের শুধু আর্থিক সহযোগিতাই করেননি, নিজের কাজের ফাঁকে ছেলের উদ্ভাবনী কাজে শ্রম দিয়েও পাশে থেকেছেন।






















