শাপলা চত্বরের ঘটনায় ৫৮ হত্যার প্রমাণ: পরিচয় শনাক্ত
- আপডেট সময় : ০৩:৪৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / 72

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে সংঘটিত ঘটনায় ৫৮ জনকে হত্যার প্রমাণ পাওয়া গেছে। নিহতদের প্রত্যেকের পরিচয়ও নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ওই ঘটনার সময় ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জন নিহত হন। তদন্তে এসব হত্যাকাণ্ডের বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ মিলেছে এবং ভুক্তভোগীদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।
পবিত্র কুরআন ও মহানবী (সা.)-এর প্রতি অবমাননার প্রতিবাদ এবং ১৩ দফা দাবিতে ২০১৩ সালের ৫ মে ‘ঢাকা অবরোধ’ কর্মসূচি ঘোষণা করে হেফাজতে ইসলাম। ওই দিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আলেম, মাদরাসার শিক্ষার্থী ও সমর্থকেরা রাজধানীতে সমবেত হন এবং কর্মসূচি শেষে মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেন।
সেদিন দিনভর এলাকায় উত্তেজনা বিরাজ করে। সন্ধ্যার আগেই সমাবেশস্থলের অস্থায়ী মঞ্চের সামনে দুজনের মরদেহ আনা হয়। পরে মধ্যরাতে যৌথ বাহিনী অভিযান চালালে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। গুলি, টিয়ারশেল ও শব্দবিস্ফোরক নিক্ষেপের মধ্যে সমাবেশ ছত্রভঙ্গ হয়ে যায়। বিভিন্ন সূত্রে এতে বহু হতাহতের ঘটনা ঘটে বলে জানা যায়।
এ ঘটনার নিহতের সংখ্যা নিয়ে শুরু থেকেই ভিন্ন ভিন্ন তথ্য সামনে আসে। ২০২৫ সালের ৫ মে হেফাজতে ইসলাম তাদের পক্ষ থেকে ৯৩ জনের একটি প্রাথমিক তালিকা প্রকাশ করে এবং জানায়, যাচাই-বাছাই শেষে এ সংখ্যা আরও বাড়তে পারে।
এর আগে ২০২১ সালের ১০ জুন একটি মানবাধিকার সংগঠন তাদের প্রতিবেদনে ৬১ জনের নাম সংগ্রহের কথা জানায়। এছাড়া ২০১৪ সালে প্রকাশিত ‘শহিদনামা’ গ্রন্থে ৪১ জন নিহতের তথ্য উল্লেখ করা হয়।






















