চামড়া সংরক্ষণে জোর, ডিসিদের বিশেষ নির্দেশ
- আপডেট সময় : ০৪:২১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / 77

কুরবানির ঈদকে সামনে রেখে পশুর চামড়া সংরক্ষণে জোর দিতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছে সরকার। জেলা প্রশাসকদের স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ নিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে, যাতে কোনোভাবেই চামড়া নষ্ট না হয়।
সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের বৈঠক শেষে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি জানান, চামড়া ব্যবস্থাপনায় দীর্ঘদিনের সমস্যা কাটিয়ে উঠতে এবার আগে থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। এজন্য ধর্মীয় প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের সম্পৃক্ত করে সচেতনতা বাড়ানো এবং সংগ্রহ ও সংরক্ষণ প্রক্রিয়াকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে।
বাজার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো চালু করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
সরকারি সংস্থার কার্যক্রম জোরদার করে বাজারে ভারসাম্য বজায় রাখার পরিকল্পনার কথাও জানান তিনি।
অন্যদিকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর কুরবানির জন্য প্রয়োজনের তুলনায় বেশি গবাদিপশু প্রস্তুত রয়েছে। এতে পশু সংকটের কোনো আশঙ্কা নেই।
সীমান্ত পথে অবৈধভাবে পশু প্রবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হবে। পাশাপাশি কুরবানির হাটে নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবহন পথে চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।























