ইরানি হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে বড় ক্ষতির দাবি
- আপডেট সময় : ০৫:৪১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / 234

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। এতে বলা হয়েছে, অঞ্চলটির কয়েকটি দেশে অবস্থিত মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালানো হয়েছে।
স্যাটেলাইট চিত্র ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য বিশ্লেষণের ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, হামলায় একাধিক ঘাঁটির অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু স্থাপনা ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। তবে ক্ষয়ক্ষতির মাত্রা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। কোথাও স্থায়ীভাবে কার্যক্রম বন্ধের চিন্তা করা হচ্ছে, আবার কিছু ঘাঁটি কৌশলগত কারণে মেরামতের পরিকল্পনাও রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, হামলার মূল লক্ষ্য ছিল উন্নত রাডার ব্যবস্থা, যোগাযোগ প্রযুক্তি এবং যুদ্ধবিমান, যেগুলো অত্যন্ত ব্যয়বহুল এবং দ্রুত প্রতিস্থাপন করা কঠিন। একটি সূত্রের দাবি, ইরান এমন স্থাপনাগুলোতেই আঘাত হেনেছে, যেখানে ক্ষতির পরিমাণ তুলনামূলক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, এ সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের ব্যয় ইতোমধ্যে প্রায় ২৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। অন্য একটি সূত্রের হিসেবে এই ব্যয় ৪০ থেকে ৫০ বিলিয়ন ডলারের মধ্যেও হতে পারে।
বর্তমানে সাময়িক যুদ্ধবিরতি চললেও পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল নয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা নিয়ে অগ্রগতি সন্তোষজনক নয়।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি























