ঢাকা–দিল্লি সম্পর্কে বরফ গলছে, পূর্ণাঙ্গ ভিসা চালুতে উদ্যোগ
- আপডেট সময় : ০৩:০৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / 58

দ্বিপক্ষীয় সম্পর্কে অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে বাংলাদেশ ও ভারত পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ ইতোমধ্যে সব ধরনের ক্যাটাগরিতে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা প্রদান শুরু করেছে। অন্যদিকে ভারতও ধাপে ধাপে তাদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার পরিকল্পনা করছে বলে দেশটির একটি সংবাদমাধ্যম জানিয়েছে।
গত মাসে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার ভারত সফরের সময় ভিসা স্বাভাবিকীকরণের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। বর্তমানে ভারতে বাংলাদেশের সব ভিসা কেন্দ্র পূর্ণ কার্যক্রমে ফিরে এসেছে। এ অবস্থায় একই ধরনের পদক্ষেপ দ্রুত নিতে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা।
বাংলাদেশের হাইকমিশনের তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে সাময়িকভাবে বন্ধ থাকা ভিসা কার্যক্রম ফেব্রুয়ারি থেকে পুনরায় চালু হয়। এরপর দুই মাসে ১৩ হাজারের বেশি ভারতীয় নাগরিককে বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা দেওয়া হয়েছে।
কূটনৈতিক সূত্র জানায়, ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হলে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, জ্বালানি সংযোগ এবং উচ্চপর্যায়ের রাজনৈতিক যোগাযোগ আরও জোরদার হতে পারে।
ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম গত বছর কিছুটা সীমিত করা হলেও তা পুরোপুরি বন্ধ হয়নি। বর্তমানে চিকিৎসা ও পারিবারিক প্রয়োজনে ভিসা আবেদনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ধাপে ধাপে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালুর কাজ চলছে।
পরিসংখ্যান বলছে, ২০২৩ সালে প্রায় ২১ লাখের বেশি বাংলাদেশি ভারত সফর করলেও পরবর্তী সময়ে রাজনৈতিক উত্তেজনা ও বিধিনিষেধের কারণে এ সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়।
সংশ্লিষ্টরা মনে করছেন, ভিসা কার্যক্রম স্বাভাবিক হলে দুই দেশের মানুষে-মানুষে যোগাযোগ, বাণিজ্য ও পর্যটন খাত নতুন গতি পাবে।






















