দেশে হাম পরিস্থিতি ভয়াবহ আকারে, একদিনেই ৯ শিশুর মৃত্যু; আক্রান্ত ও ভর্তি রোগীর সংখ্যা বাড়ছেই
- আপডেট সময় : ০৭:০৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / 131

দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জনের মৃত্যু নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে হয়েছে এবং ৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ২৭৩ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬৬২ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৭৬ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৬৩ জনের হাম নিশ্চিত করা হয়েছে। ফলে মোট নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা এখন ৪ হাজার ৮৫৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯০৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৯৭৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ২৩ হাজার ৩৪৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে একই সময়ে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৬ জনে এবং মোট নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মৃত্যু পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।


























