ভারী বৃষ্টিতে ৭২ ঘণ্টায় ৪ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা
- আপডেট সময় : ০৬:০৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / 26

দেশজুড়ে ভারী থেকে অতিভারি বৃষ্টিপাতের কারণে আগামী ৭২ ঘণ্টায় দেশের চারটি জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
শনিবার (২০ জুন) এক বিজ্ঞপ্তিতে এ আশঙ্কার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী পাঁচ দিনে দেশের রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং উজানে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়ে ভারী থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে।
ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি আগামী দিনে বৃদ্ধি পেলেও তা বিপৎসীমার নিচে থাকতে পারে বলে জানানো হয়েছে। একইভাবে গঙ্গা-পদ্মা নদীর পানি সাময়িক স্থিতিশীল থাকলেও পরবর্তী সময়ে কিছুটা বাড়তে পারে।
সুরমা ও কুশিয়ারা নদীর পানি ইতোমধ্যে বৃদ্ধি পাচ্ছে এবং আগামী তিন দিন এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও সাময়িক প্লাবনের শঙ্কা রয়েছে।
রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও বাড়ছে। আগামী ৭২ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলায় এসব নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি বন্যা সৃষ্টি করতে পারে।
এছাড়া ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, জিঞ্জিরাম, কংস ও ভুগাই নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এতে নেত্রকোণা, ময়মনসিংহ ও শেরপুর জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
সিলেট বিভাগের সারিগোয়াইন, খোয়াই, যাদুকাটা, মনু ও ধলাই নদীর পানিও আগামী তিন দিনে বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
চট্টগ্রাম বিভাগের মুহুরী, সাঙ্গু, সেলোনিয়া, গোমতী, ফেনী, হালদা ও মাতামুহুরী নদীর পানির ক্ষেত্রেও একই ধরনের বৃদ্ধি প্রবণতা দেখা যেতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।























