এআই যুগে বদলে যাচ্ছে উচ্চশিক্ষা: পুরোনো কোর্স বাদ দিচ্ছে চীন, বাড়ছে প্রযুক্তিনির্ভর ডিগ্রি
- আপডেট সময় : ০৬:৩২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / 9

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শুধু কর্মক্ষেত্র নয়, উচ্চশিক্ষার দিকনির্দেশনাও বদলে দিচ্ছে। কনসাল্টিং, ফাইন্যান্স, মার্কেটিং ও ম্যানেজমেন্টের মতো ঐতিহ্যবাহী খাতগুলোতে এআইয়ের স্বয়ংক্রিয় প্রভাব বাড়ার ফলে শিক্ষার্থীরা এখন এমন ডিগ্রিতে বিনিয়োগ নিয়ে ভাবছে, যেগুলোর ভবিষ্যৎ চাকরির নিশ্চয়তা কম।
এই পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি দেখা যাচ্ছে চীনে। সেখানে বিশ্ববিদ্যালয়গুলো দ্রুত তাদের পাঠ্যক্রম পুনর্গঠন করছে—পুরোনো ও কম প্রাসঙ্গিক কোর্স বাতিল করে নতুন প্রযুক্তিনির্ভর বিষয় যুক্ত করা হচ্ছে।
চীনের শিক্ষা নীতিনির্ধারকদের লক্ষ্য হলো উচ্চশিক্ষাকে দেশের অর্থনৈতিক ও শিল্প উন্নয়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স এবং উন্নত উৎপাদন খাতে বৈশ্বিক নেতৃত্ব নিশ্চিত করা।
সাউথ চায়না মর্নিং পোস্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই পুনর্গঠনের অংশ হিসেবে মানবিক, কলা, বিদেশি ভাষা ও ম্যানেজমেন্টভিত্তিক অনেক প্রোগ্রাম ধাপে ধাপে কমানো হচ্ছে। অন্যদিকে ‘এমবডিড ইন্টেলিজেন্স’-এর মতো নতুন বিষয় চালু করা হচ্ছে, যেখানে এআইকে রোবটিক ও ভৌত সিস্টেমের সঙ্গে একীভূত করা হয়।
চীনের শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে প্রায় ১২ হাজারের বেশি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম বাতিল বা স্থগিত করা হয়েছে, একই সময়ে ১০ হাজারের বেশি নতুন প্রোগ্রাম যুক্ত হয়েছে।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, শুধু নতুন ডিগ্রি যোগ-বিয়োগ করাই যথেষ্ট নয়। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও নমনীয় ও দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে শিক্ষার্থীরা দীর্ঘমেয়াদে প্রাসঙ্গিক দক্ষতা অর্জন করতে পারে।

























