ডাটা ছাড়া তথ্য মূল্যহীন, জনসংযোগে বস্তুনিষ্ঠ উপাত্তের ওপর জোর তথ্যমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:২৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / 134

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক যুগে ডাটা বা উপাত্ত ছাড়া যেকোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত বা ধারণা হিসেবে বিবেচিত হয়। তাই জনসংযোগ ও প্রচার কার্যক্রমে সঠিক ও বস্তুনিষ্ঠ উপাত্তের ব্যবহার অপরিহার্য বলে তিনি মন্তব্য করেন।
রোববার সকালে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান যুগকে ডাটা বা উপাত্তের যুগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মাঠপর্যায়ে সরকারের কার্যক্রম ও তথ্য জনগণের কাছে কীভাবে পৌঁছাচ্ছে, তা শুধুমাত্র ধারণার ভিত্তিতে মূল্যায়ন করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন নির্ভুল তথ্যভিত্তিক বিশ্লেষণ।
তিনি আরও বলেন, তথ্যের গ্রহণযোগ্যতা ও সত্যতা নিশ্চিত করতে হলে অবশ্যই শক্তিশালী উপাত্ত থাকতে হবে। উপাত্ত ছাড়া যেকোনো তথ্যকে সমাজ ব্যক্তিগত মতামত হিসেবে বিবেচনা করে, যার কোনো প্রাতিষ্ঠানিক মূল্য থাকে না।
জনসংযোগ আধুনিকায়নে ‘সাইকোগ্রাফি’ ও ডিজিটাল ফুটপ্রিন্ট বিশ্লেষণের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে মানুষের প্রতিক্রিয়া—লাইক, শেয়ার, কমেন্ট বিশ্লেষণের মাধ্যমে জনমতের সঠিক চিত্র পাওয়া সম্ভব। এই উপাত্ত ব্যবহার করেই কার্যকর জনসংযোগ কৌশল গ্রহণ করা উচিত।
তিনি বলেন, উপাত্তভিত্তিক প্রচারণার মাধ্যমে বিভ্রান্তি দূর করে জনগণের মধ্যে সঠিক ধারণা তৈরি করা সম্ভব। এজন্য জনসংযোগ কর্মকর্তাদের নিজেদের ‘ডিজিটাল ফোর্স’ হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বক্তব্য দেন। সভাপতিত্ব করেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।























